
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সচেতনতা বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং অ্যাকশনএইড বাংলাদেশ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নেছারউদ্দিন আহমেদ টিপু, যিনি কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য হিসেবেও যুক্ত। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মোসা: দুলালী এবং সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন থেকে সরে এসে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। শপথ গ্রহণ শেষে তারা একটি ব্যানারে নিজেদের মতামত ও ভাবনা লিখে স্বাক্ষরের মাধ্যমে সংহতি প্রকাশ করেন।