ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল

হোম » ঝালকাঠী » ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৫ জুন) জুমার নামাজের পর নলছিটির বিভিন্ন মসজিদের মুসল্লিরা নলছিটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাসস্ট্যান্ড এলাকার বিজয় উল্লাস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ, চঞ্চল হোসেন, মামুন হাওলাদার এবং শহীদ ওসমান হাদির ছোট ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদার প্রমুখ।

 

বক্তারা বিদেশি আধিপত্যবিরোধী সংগ্রামের সাথে যুক্ত ‘বিপ্লবী শহীদ’ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রমাণ মেলে যে, ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দাদের সম্পৃক্ততা থাকতে পারে।

 

তারা আরও বলেন, জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের যে স্বাধীন তদন্ত হওয়ার কথা ছিল, তার অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে।

 

বক্তারা অভিযোগ করেন, ভারতের সঙ্গে বন্দী বিনিময় ও প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না- এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় সরকারের গড়িমসির কারণও জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।

 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের দুই শতাধিক মুসল্লি অংশ নেন। মিছিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ