যৌথ অভিযানে সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক

হোম » খুলনা » যৌথ অভিযানে সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


 

যৌথ অভিযানে সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল।

 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

তিনি জানান, অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় গত ৩ জুন বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়।

 

এ সময় তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের শিংসহ মাথা, সিগারেট, চাল এবং একটি কাঠের বোট জব্দ করা হয়। একই সঙ্গে একটি আস্তানা ধ্বংস করা হয়।

 

পরবর্তীতে আটককৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১০টায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করে।

 

আটক আল আমিন বাচ্চু হাওলাদার (৪৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় দস্যুতা, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানানো হয়।

 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, আটক দস্যুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ