
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জিয়ানগর ইউসিসিএল ও বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার (৫৫) আর নেই।
শনিবার (২৩ মে) ভোরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে জিয়ানগরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী শোক প্রকাশ করে বলেন, তিনি জনগণের পাশে থাকা একজন সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে জিয়ানগরের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফায়জুল কবির তালুকদার রাজপথ থেকে গড়ে ওঠা বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি সর্বমহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।