
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উন্নয়নের পাশাপাশি উপজেলার সার্বিক শান্তি, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া ওই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
স্ট্যাটাসে কাজী কামাল হোসেন উল্লেখ করেন, ‘উন্নয়ন যদি একটু কমও হয় তাতেও চলে, যদি পুরো উপজেলায় শান্তি বিরাজ করে এবং কোনোভাবে শান্তি বিনষ্ট না হয়।’ তিনি বলেন, মানুষের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, শালিসি বাণিজ্য, চাঁদাবাজি, দলীয় প্রভাব খাটানো, ভয়ভীতি প্রদর্শন এবং মব সৃষ্টি বন্ধ করতে হবে। পাশাপাশি বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখে নয়, বাস্তবে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’ একই সঙ্গে সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের সহজে সেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।
শিক্ষা খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে কাজী কামাল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের দলীয় পরিচয় ব্যবহার করে পাঠদান থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, এসব সমস্যার সমাধান করা গেলে উন্নয়ন কিছুটা কম হলেও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
স্থানীয় মহলে তার এ বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।