মেহেন্দিগঞ্জে ২৫ চোরাই গরুসহ আটক ৩

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ২৫ চোরাই গরুসহ আটক ৩
শনিবার ● ২৩ মে ২০২৬


মেহেন্দিগঞ্জে ২৫ চোরাই গরুসহ আটক ৩

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫টি চোরাই গরু জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ এবং তিনজনকে আটক করে।

ইন্সপেক্টর (তদন্ত) মতিউর রহমান জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিনের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বিভিন্ন ব্যক্তির গোয়ালঘরে আরও অর্ধশতাধিক চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। এছাড়া উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. মকিম তালুকদারের ইটভাটা সংলগ্ন দাদপুর চর এলাকায় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে চোরাই গরু মজুত রেখেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে দাদপুর চর এলাকা থেকে সাতটি চোরাই গরু উদ্ধার ও একজন গরু চোরকে আটক করেছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০:০৭:০১ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ