ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বাউফলে অভিযানের আগেই সটকে পড়লেন যুবদল নেতা

হোম » পটুয়াখালী » ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বাউফলে অভিযানের আগেই সটকে পড়লেন যুবদল নেতা
শনিবার ● ২৩ মে ২০২৬


 

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল; বাউফলে অভিযানের আগেই সটকে পড়লেন যুবদল নেতা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে মাদক সেবন ও কারবারের অভিযোগে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই পালিয়ে যান অভিযুক্ত আহাদুজ্জামান টিপু ওরফে টিপু খান। সম্প্রতি তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

বাউফল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) রাতে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই মেহেদি হাসানের নেতৃত্বে উপজেলার মদনপুরা ইউনিয়নে টিপু খানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে টিপু খান মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এ সময় বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদুজ্জামান টিপু উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে জমি দখল, সরকারি চান্দিনা ভিটি দখল করে স্থাপনা নির্মাণ, এক রিকশাচালককে মারধর, চাঁদার দাবিতে এক সরকারি কর্মকর্তার পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা এবং রাশিদা নামে এক নারীর দাফন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখযোগ্য। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলতেন।

 

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আহাদুজ্জামান টিপু। তিনি বলেন, ‘রাশিদা বেগমের লাশ যে জায়গায় দাফনের চেষ্টা করা হয়েছিল, ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। সরকারি কর্মকর্তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। বরং তিনিই আমার ভিডিও ভাইরাল করেছেন। মাদক কারবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার এসআই মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২১:৩৭ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ