
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাবুগঞ্জ উপজেলার আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার আসমা উল হুসনা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাবুগঞ্জের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওয়াদুদ হাওলাদারের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার মোঃ শামীম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় ইউএনও আসমা উল হুসনা বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের প্রাথমিক জ্ঞান থাকা জরুরি। আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধি করা গেলে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তারা আরও জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচিতে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।
এএ/এমআর