মঠবাড়িয়ায় টপটেন জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় টপটেন জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
বুধবার ● ২০ মে ২০২৬


মঠবাড়িয়ায় টপটেন জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেসরকারি একটি হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলার হাসপাতাল রোডে ধানহাটা সংলগ্ন বেসরকারি টপটেন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পরিবারের অভিযোগ অনুযায়ী, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ফেরদৌসী বেগম প্রসূতি অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হন। পরে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। পরিবারের দাবি, জন্মের পর নবজাতকটি সুস্থ ছিল। তবে দুই দিন পর শিশুটির নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য ডা. আশীষ দেবনাথ লিজন-এর চেম্বারে নেওয়া হলে তিনি তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে পথেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।

হাসপাতালটির মালিক সাকিব সোহেল দাবি করেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয় এবং জন্মের পর নবজাতক সুস্থ ছিল। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়। চিকিৎসকের কাছে নেওয়ার সময় শিশুটির মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।

এদিকে ডা. আশীষ দেবনাথ লিজন জানান, শিশুটিকে যখন তার চেম্বারে আনা হয়, তখনই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং তিনি দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন।

ঘটনার বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় জানান, বিষয়টি জানার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল সরোয়ার জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:০৪ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ