মোংলায় রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে ১০ হাজার পরিবার

হোম » খুলনা » মোংলায় রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে ১০ হাজার পরিবার
বুধবার ● ২০ মে ২০২৬


মোংলায় রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে ১০ হাজার পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ মে) বিকেলে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালিরমেঠ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাপ-দাদার আমল থেকে তারা সরকারি এ রাস্তা ব্যবহার করে আসছেন। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয়। কিন্তু এক প্রভাবশালী ব্যক্তি নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তারা ওই ব্যক্তির বিচার এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে গণস্বাক্ষরসহ অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০ থেকে ৬০ বছর পুরোনো ইটের ভাঙাচোরা সড়কটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে কাপালিরমেঠ, দোয়ানেরকুল, বুড়িরডাঙ্গা, কাঠামারী, গজগজিয়া, নলবুনিয়া ও ছত্রিশকুড়া গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সম্প্রতি সড়কটি পাকাকরণের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলে ঠিকাদার কাজ শুরু করতে যান। এ সময় রাস্তার পাশের এক প্রভাবশালী জমির মালিক কাজে বাধা দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ