
সাগরকন্যা প্রতিবেদক,ঝালকাঠি
ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে কানাই লাল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষ সুভাষ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সুভাষ হাওলাদার, তার ছেলে সৌরভ হাওলাদার, সুজন হাওলাদার এবং বিউটি রানী গুরুতর জখম হন।
আহতদের সকাল ১১টার দিকে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও ব্যান্ডেজ দিয়ে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিউটি রানীকেও বরিশালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রক্তাক্ত অবস্থায় আহতদের চিৎকার শুনে প্রতিবেশী প্রদীপ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ব্যাটারিচালিত অটোরিকশায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, চিৎকার শুনে গিয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইছে।
ভুক্তভোগী পরিবারের জামাই অসীম হালদার অভিযোগ করে বলেন, জমি দখলকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, কানাই লাল হাওলাদার, তার ছেলে কমল ও কিশোর এবং স্থানীয় মৃণাল মিলে এই হামলা চালায়।
অন্যদিকে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কানাই লাল হাওলাদারের স্ত্রী সাধনা হালদার দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষের লোকজনও আহত হয়েছেন এবং কানাই লাল হাওলাদার বর্তমানে চিকিৎসাধীন।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার পর একটি এজাহার প্রক্রিয়াধীন রয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।