কুয়াকাটা সৈকতে ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে সাগরে অবমুক্ত

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে সাগরে অবমুক্ত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

কুয়াকাটা সৈকতে ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে সাগরে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ১৬৩টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা উদ্ধার করে নিরাপদে সমুদ্রমুখী পানিতে অবমুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে কুয়াকাটার লেম্বুরবন এলাকার একটি পরিত্যক্ত ফিশফ্রাই দোকানের নিচে বালুর গর্তে এসব কচ্ছপের বাচ্চার অস্তিত্ব পাওয়া যায়। পরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীদের সমন্বয়ে বাচ্চাগুলো উদ্ধার করে আন্ধারমানিক নদীসংলগ্ন তিন নদীর মোহনায় অবমুক্ত করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকা দোকানটি খুলতে গেলে ব্যবসায়ী মো. বায়েজিদ বালুর নিচে ছোট ছোট নড়াচড়া দেখতে পান। পরে খোঁজ নিয়ে দেখা যায় গর্তের ভেতরে অসংখ্য কচ্ছপের বাচ্চা আটকে রয়েছে। বিষয়টি পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’কে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

 

উদ্ধারের সময় ডিমের খোসা ও প্রাকৃতিক চিহ্ন পাওয়ায় ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে মা কচ্ছপ সেখানে ডিম পেড়ে যায় এবং স্বাভাবিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়। তবে পরিত্যক্ত দোকানের নিচে আটকে থাকায় তারা সাগরমুখী পথে যেতে পারেনি।

 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উদ্ধার হওয়া কচ্ছপগুলো মূলত অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। মানবসৃষ্ট বাধার কারণে নবজাত কচ্ছপগুলো সমুদ্রে পৌঁছাতে পারছিল না।

 

অলিভ রিডলি কচ্ছপ সংরক্ষণে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কচ্ছপের ডিম বা বাচ্চা দেখা গেলে ক্ষতিসাধন না করে দ্রুত বন বিভাগকে জানাতে হবে।

 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা উপকূল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রাণী রক্ষায় স্থানীয়দের সচেতনতা আরও বাড়ানো জরুরি।

 

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলো নিরাপদে সমুদ্রমুখী পানিতে অবমুক্ত করা হয়েছে। উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ নিয়মিত নজরদারি করছে।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বলেন, এটি অত্যন্ত ইতিবাচক ও বিরল একটি ঘটনা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের দ্রুত উদ্যোগ প্রশংসনীয়। প্রশাসন সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৭ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ