
সাগরকন্যা প্রতিবেদন, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় নিজ বসতঘর থেকে রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাই স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরে রাই। পরে পরিবারের সদস্যরা দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি গলাচিপা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার ও পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন।
ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন গভীরভাবে ভেঙে পড়েছেন।
নিহতের মা শিল্পী কর্মকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে প্রাইভেট থেকে বাসায় এসে কিছুক্ষণ পরই এমন ঘটনা ঘটে। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি (তদন্ত) ঝিলন সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।