বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত

হোম » বিশ্ব » বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬


 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। ছবি : সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

 

বিশ্বাসঘাতকতা ও গোপন আঁতাতের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রহস্যময় একটি বার্তা প্রকাশ করেন।

 

বার্তায় তিনি একটি প্রাচীন আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন, ‘যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, একদিন সে প্রকাশ্যেই উন্মোচিত হবে।’ যদিও সেখানে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বার্তাটি নতুন করে আলোচনা তৈরি করেছে।

 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর ভাষায় সতর্কবার্তা দেন। তার এই মন্তব্য আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর একটি বিতর্কিত দাবির পর। নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অভিযানের সময় তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন।

 

এর প্রতিক্রিয়ায় আরাগচি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া চরম বোকামি। আর এ ধরনের ষড়যন্ত্রে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। যারা বিভেদ সৃষ্টি ও শত্রুতার পথে হাঁটবে, তাদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

যদিও ইরানি কর্মকর্তারা সরাসরি কোনো দেশের নাম বলেননি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বক্তব্যটি আমিরাতের দিকেই ইঙ্গিত করছে।

 

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর কথিত গোপন সফরের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে দেশটি জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য, সুপরিচিত এবং ২০২০ সালের আব্রাহাম চুক্তি-এর আওতায় প্রতিষ্ঠিত। তাই গোপন সফর বা আড়ালে কোনো সমঝোতার দাবি ভিত্তিহীন।

 

উল্লেখ্য, আব্রাহাম চুক্তির পর থেকেই ইসরায়েল ও আরব আমিরাতের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। আর সেই সম্পর্ককে ঘিরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে।

বাংলাদেশ সময়: ৯:৫৯:০৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ