ঝগড়া নয়, জানার চেষ্টা করলেই প্রকৃত বিজয়: ছারছীনার পীর ছাহেব

হোম » ইসলামী জীবন » ঝগড়া নয়, জানার চেষ্টা করলেই প্রকৃত বিজয়: ছারছীনার পীর ছাহেব
রবিবার ● ১০ মে ২০২৬


 

ঝগড়া নয়, জানার চেষ্টা করলেই প্রকৃত বিজয়- ছারছীনার পীর ছাহেব

সাগরকন্যা প্রতিবেদক

ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, ইসলাম কেবল ইবাদতের নাম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা মানুষের পারস্পরিক আচরণ ও সামাজিক শৃঙ্খলারও নির্দেশনা দেয়।

তিনি বলেন, দৈনন্দিন জীবনে মতভেদ থেকে অনেক সময় ঝগড়ার সৃষ্টি হয়। তবে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ঝগড়া এড়িয়ে সত্য অনুসন্ধানে মনোযোগী হওয়া। সাময়িকভাবে কাউকে চুপ করিয়ে দেওয়া প্রকৃত জয় নয়; বরং এটি অহংকার বৃদ্ধি করে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।

পীর ছাহেব আরও বলেন, ঝগড়া মূলত শয়তানের একটি মাধ্যম, যা ভাইয়ে ভাইয়ে ও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এর বিপরীতে বিনয়ের সাথে জ্ঞান অর্জনের চেষ্টা করাই প্রকৃত সাফল্য। জানার চেষ্টা করলে একজন ব্যক্তি একই সঙ্গে ব্যক্তিত্ব ও জ্ঞানের ক্ষেত্রে উন্নতি লাভ করে।

তিনি বলেন, ঝগড়া করলে মানুষ সাময়িক তৃপ্তি পেতে পারে, কিন্তু হৃদয় ও আখিরাতের বিচারে তা ক্ষতির কারণ হয়। আর জানার চেষ্টা মানুষকে জ্ঞানী করে এবং সম্মান বৃদ্ধি করে।

গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত কোটবাড়ি খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৬ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ