চরফ্যাশনে গরু চুরিতে আতঙ্ক, জবাইকৃত চোরাই গরুর চামড়া-মাথাসহ মাংস উদ্ধার; আটক ২

হোম » ভোলা » চরফ্যাশনে গরু চুরিতে আতঙ্ক, জবাইকৃত চোরাই গরুর চামড়া-মাথাসহ মাংস উদ্ধার; আটক ২
রবিবার ● ১০ মে ২০২৬


 

চরফ্যাশনে গরু চুরিতে আতঙ্ক, জবাইকৃত চোরাই গরুর চামড়া-মাথাসহ মাংস উদ্ধার; আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন ও লালমোহনের নদীবেষ্টিত চরাঞ্চলে গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে ট্রলার বা নৌকায় এসে গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে একাধিক পরিবারের গোয়ালঘর ফাঁকা হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

 

ভুক্তভোগী কৃষক মো. ‘সফি সাগরকন্যাকে বলেন, বিভিন্ন সময়ে আমার একাধিক গরু চুরি হয়েছে। সাম্প্রতিক সময়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’ একই অভিযোগ করেছেন স্থানীয় কৃষক আলমগীর ফরাজি ও আফনান।

 

স্থানীয়দের অভিযোগ, বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রশাসনিক নজরদারি তুলনামূলক কম থাকায় চক্রটি সুযোগ নিয়ে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটাচ্ছে।

 

এ পরিস্থিতির মধ্যেই সর্বশেষ ঘটনায় ভোলার চরফ্যাশনের দুলারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে জবাইকৃত চোরাই গরুর একটি চামড়া, একটি মাথা ও ১৫ কেজি মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ৮ মে দুলারহাট থানার নুরাবাদ ৮ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি গরু চুরির অভিযোগে মামলা দায়েরের পর অভিযান শুরু করা হয়। দুলারহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরাবাদ এলাকার কলাবাগান সংলগ্ন একটি মাছের ঘেরের পূর্ব পাশের বেড়িবাঁধ এলাকা থেকে জবাইকৃত গরুর চামড়া, মাথা ও মাংস উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে একই এলাকা থেকে সুলতান হাওলাদার (৪০) ও নুর নবী (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় দুলারহাট থানায় মামলা নং-৮, তারিখ ৮ মে ২০২৬, পেনাল কোডের ৩৮০/৪১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ