বরগুনার আমতলীতে এজলাসে আইনজীবীকে কটূক্তি, বাদীর কারাদণ্ড

হোম » বরগুনা » বরগুনার আমতলীতে এজলাসে আইনজীবীকে কটূক্তি, বাদীর কারাদণ্ড
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে হট্টগোল ও প্রতিপক্ষের আইনজীবীকে কটূক্তির অভিযোগে এক বাদীকে তাৎক্ষণিক ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জসিম উদ্দিন।

আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রবিবার (৩ মে) একটি মামলার চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি চলাকালে বাদী জসিম উদ্দিন আদালতের অনুমতি ছাড়াই উত্তেজিত আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রতিপক্ষের আইনজীবীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। আদালতের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

এ ঘটনায় আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত কোর্ট পুলিশকে তাকে আটক করার নির্দেশ দেন। পরে তার বক্তব্য ও স্বীকারোক্তি রেকর্ড করা হয়।

আদালত অবমাননা এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর দায়ে জসিম উদ্দিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় আইনজীবী আলহাজ মো. নুরুল ইসলাম বলেন, আদালতের শৃঙ্খলা ও আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় বিচারকের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৮ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ