বাবুগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ ও গণমিছিল

হোম » বরিশাল » বাবুগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ ও গণমিছিল
শনিবার ● ২ মে ২০২৬


বাবুগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ ও গণমিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোটের বরিশাল জেলা শাখা।
শনিবার (২ মে) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে অবৈধ বলা-এ ধরনের দ্বিচারিতা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করা হয়েছে। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ ও সংসদ-সব জায়গাতেই প্রতিবাদ গড়ে উঠবে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পালানোর জায়গা পাবেন না।
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী এবং সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুল ইসলাম অলিদ।
সমাবেশে বক্তারা জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৮ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ