
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও দাবি আদায়ে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল। এখন সেই সনদ বাস্তবায়ন না করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
শনিবার পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও পৌরসভার শূরা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে সনদ তৈরি হয়েছে, তার পক্ষে দেশের অধিকাংশ মানুষ সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ অতীতের মতো রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসই/এমআর