
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী বিউটি বেগম (৪৫), স্বামী হানিফ প্যাদা, বাউফল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার রাসেল, রুবেল কাজী, আলম কাজী, রহিম কাজী, মাসুম, নাজমা বেগম, সুমা বেগম ও নাইম দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে আগে গাছপালা কেটে নেওয়া, জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১ মে) সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বসতভিটায় প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের টিন খুলে নিয়ে যায়। একই সঙ্গে জমিতে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা, পুকুরের মাছ ধরে নেওয়া এবং বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার ঘটনাও ঘটে।
বিউটি বেগম বলেন, হামলার সময় বাধা দিলে দা, ছেনা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা আমার দিকে তেড়ে আসে। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয়। আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়। অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সবাইকে হত্যার ভয় দেখানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
তবে অভিযোগ অস্বীকার করে রুবেল কাজী বলেন, বিরোধপূর্ণ জমিতে হানিফরা ঘর তুলেছে। আমরা জায়গা মাপার কথা বললে তারা টালবাহানা করে। স্থানীয় সালিশও তারা মানেনি। ঘরে হামলার বিষয়ে আমরা কিছুই জানি না, তারা নিজেরাই এসব করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুর ইসলাম জানান, অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমআর