কালবৈশাখীর আশঙ্কা ১৩ জেলায় বরিশালসহ উপকূলে সতর্কতা: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

হোম » আবহাওয়া » কালবৈশাখীর আশঙ্কা ১৩ জেলায় বরিশালসহ উপকূলে সতর্কতা: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক

দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা’কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১৩ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় চার সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, ঢাকা, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ এই পূর্বাভাসে নৌ কর্তৃপক্ষ ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় স্বল্পসময়ের মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ