বরগুনায় সড়কের গর্তে উল্টে গেল গাছবোঝাই টমটম, প্রাণ গেল শ্রমিকের

হোম » বরগুনা » বরগুনায় সড়কের গর্তে উল্টে গেল গাছবোঝাই টমটম, প্রাণ গেল শ্রমিকের
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

বরগুনায় সড়কের গর্তে উল্টে গেল গাছবোঝাই টমটম, প্রাণ গেল শ্রমিকের

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জীবিকার তাগিদে গাছবোঝাই টমটমে শ্রমিকের কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সুমন মিয়ার (৩৫)। সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছবোঝাই টমটমটি পাশের পানিতে উল্টে গেলে প্রাণ হারান তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

 

শুক্রবার সন্ধ্যার পর বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ী ইউনিয়নের মধ্যগুদিঘাটা গ্রামের ঘটবাড়ীয়া-ডৌয়াতলা পাকা সড়কের আকন বাড়ির উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুমন মিয়া বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা-চান্দখালী এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা শহর থেকে মেহগনি গাছবোঝাই একটি টমটম ঘটবাড়িয়ার দিকে যাচ্ছিল। গাড়িটিতে সুমনসহ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে আকন বাড়ির উত্তর পাশে সড়কের একটি গর্তে পড়ে চালক নিয়ন্ত্রণ হারালে টমটমটি পাশের পানিতে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হন।

 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে সুমনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অপর এক শ্রমিককে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

এদিকে দুর্ঘটনার পর টমটমের চালক ও অপর এক শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁরা আতঙ্কে সেখান থেকে চলে গেছেন বলে ধারণা স্থানীয়দের।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন মো. পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ