সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের মামলার তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাদী ও শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা। পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ফাতিমা জোমাদ্দার অর্পা। এ সময় তাঁর দুই শিশুসন্তান পাশে ছিল।
লিখিত বক্তব্যে অর্পা বলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয়। তিনি রক্ষা পেলেও পেছনে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে জাইমার হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।
অর্পার অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ভুক্তভোগীর বক্তব্য সরাসরি গ্রহণ না করে তাঁর নামে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে না নিয়ে আসামি, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির মালিক ও সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা মেডিকেল রিপোর্ট পর্যালোচনা না করেই তদন্ত প্রতিবেদনে এসিডের পরিবর্তে আচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য যুক্ত করেছেন। আদালতের নির্দেশে মামলা রুজু করতে বিলম্ব এবং মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাতেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অর্পা বলেন, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর এবং ভয়ভীতি দেখানো হয়েছে। সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে এসব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেননি।
পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অর্পা বলেন, পুলিশের অন্য কোনো ইউনিটের বিরুদ্ধে তাঁর অভিযোগ নেই। অভিযোগ শুধু তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের আশা প্রকাশ করেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর শিশুসন্তানসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আবেগাপ্লুত কণ্ঠে ফাতিমা জোমাদ্দার অর্পা বলেন, ‘আমি আমার শিশুকন্যার ন্যায়বিচার চাই। একটি শিশুর শরীরে এসিডের আঘাতের বিচার যদি তদন্তের অনিয়মের কারণে ধামাচাপা পড়ে, তাহলে একজন অসহায় মা কোথায় বিচার চাইবেন।’
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।