
সাগরকন্যা প্রতিবেদক,সাগরকন্যা প্রতিবেদক,
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূল। নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ঝুঁকিতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা। এমন বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়। এতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘দ্বিতীয় কোনো পৃথিবী নেই, এই পৃথিবীকেই আমাদের বাঁচাতে হবে’, ‘আমাদের একটিই পৃথিবী, একে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন’ এবং ‘সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার’।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে উপকূলের মানুষকে। নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততায় বসতভিটা, কৃষি ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। তাই শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন, বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর ক্ষতিপূরণ তহবিল গঠন এবং উপকূলীয় সুরক্ষা অবকাঠামো আধুনিকায়ন জরুরি।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এ কর্মসূচির আয়োজন করে। সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।
মানববন্ধনে বক্তব্য দেন ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা, ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল ও ইউপি সদস্য টিপু হাওলাদার।