একটি মৃত্যু, এক অমর আলিঙ্গন: বিবেকের সামনে কঠিন প্রশ্ন

হোম » মতামত » একটি মৃত্যু, এক অমর আলিঙ্গন: বিবেকের সামনে কঠিন প্রশ্ন
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

মো. বেল্লাল হাওলাদার

মো. বেল্লাল হাওলাদার

বুলেট বৈরাগীর নিথর দেহে স্ত্রীর শেষ আলিঙ্গনের হৃদয়বিদারক দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে- আর নাড়িয়ে দেয় গোটা দেশের বিবেককে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, নয় কোনো সাজানো কাহিনি; এটি এক নির্মম, বাস্তব, হৃদয়ভাঙা সত্য।

 

নিথর স্বামীর দেহ আঁকড়ে ধরা এক অসহায় স্ত্রীর সেই আলিঙ্গনে ছিলনা জীবনের উষ্ণতা, ছিল না প্রত্যুত্তর- ছিল শুধু অসীম শোক, না বলা হাজারো কথার ভার আর প্রিয়জন হারানোর অসহনীয় বেদনা। ভালোবাসা যেন শেষবারের মতো মৃত্যুকেও অস্বীকার করতে চাইছে।

 

এই দৃশ্য আমাদের সামনে এক অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে- আমরা কি সত্যিই বুঝতে পারি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের গভীর ভালোবাসার মাত্রা? যে আলিঙ্গনে একসময় ছিল নিরাপত্তা, আশ্রয় আর পূর্ণতা, সেই একই আলিঙ্গনই যখন নিথর দেহের শীতলতায় পরিণত হয়, তখন তা হয়ে ওঠে শূন্যতার নির্মম প্রতীক। জীবনের যে স্পর্শ একসময় তৃপ্তি দিত, আজ তা কেবল স্মৃতি, বেদনা আর হারানোর দীর্ঘ উপাখ্যান।

 

বাস্তবের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় বহু চলচ্চিত্রের আবেগঘন মুহূর্তকে- যেখানে মৃত্যু এসেও ভালোবাসাকে আলাদা করতে পারেনি। কিন্তু বাস্তবতা কল্পনাকেও হার মানিয়েছে। এই দৃশ্য শুধু চোখে জল আনে না, প্রশ্ন তোলে আমাদের মানবিকতা, নিরাপত্তা এবং সামাজিক বাস্তবতা নিয়ে।

 

কুমিল্লার আলোচিত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ড কেবল একটি প্রাণহানির ঘটনা নয়; এটি একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। নিজের ছোট্ট সন্তানকে রেখে চলে যেতে হয়েছে তাকে। যে শিশুটি জীবনের প্রথম জন্মদিনেই হারিয়েছে তার বাবাকে- জন্মদিনের আনন্দ যেখানে হওয়ার কথা ছিল, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। তার শৈশব শুরুই হলো এক গভীর শূন্যতা দিয়ে।

 

এই শোক শুধু স্ত্রীর নয়; সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছেন মা-বাবাও। তাদের বিলাপ যেন আকাশ-বাতাস ভারী করে তোলে। এই কান্না একটি পরিবারের সীমা ছাড়িয়ে যেন পুরো সমাজের বেদনাকে প্রতিফলিত করে। তখনই প্রশ্ন জাগে- মানুষ এত নিষ্ঠুর হয় কীভাবে?

 

তবে আবেগের এই প্রশ্নের পাশাপাশি রয়েছে বাস্তবের কঠিন প্রশ্ন- বিচার কি হবে? আসামিরা গ্রেপ্তার হওয়ায় সাময়িক স্বস্তি মিললেও, সেটাই কি যথেষ্ট? প্রয়োজন দ্রুত, স্বচ্ছ এবং দৃষ্টান্তমূলক বিচার। দীর্ঘসূত্রতা, আইনের ফাঁকফোকর আর প্রভাবশালী মহলের ছায়ায় যদি অপরাধীরা একসময় মুক্ত হয়ে যায়, তবে এই বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা কোথায় দাঁড়াবে?

 

পরিসংখ্যানও উদ্বেগজনক বাস্তবতার ইঙ্গিত দেয়। অল্প সময়ের ব্যবধানে রাজধানীসহ সারা দেশে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি ভেঙে যাওয়া পরিবার, একটি অপূর্ণ গল্প। কোথাও চাঁদাবাজি, কোথাও প্রতিহিংসা, কোথাও সন্ত্রাস- সব মিলিয়ে নিরাপত্তাহীনতার এক অস্থির বাস্তবতা তৈরি হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি- অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে, অনেক সন্ত্রাসী এখনও সক্রিয়। কেউ দেশেই, কেউ বিদেশে বসে অপরাধচক্র পরিচালনা করছে। গ্রেপ্তারের পরও যদি অপরাধ থেমে না থাকে, তবে প্রশ্ন থেকেই যায়- গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা কতটুকু?

 

এই ভয় ও অনিশ্চয়তা মানুষকে নীরব করে দিচ্ছে। প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলছে অনেকেই। কারণ, তারা জানে- পরবর্তী লক্ষ্য হতে পারে সে নিজেই।

 

এই প্রেক্ষাপটে সেই এক দৃশ্য বারবার ফিরে আসে- একজন স্ত্রী তার স্বামীর নিথর দেহ জড়িয়ে ধরে আছেন। সেই আলিঙ্গন যেন বলে, ভালোবাসা এখনও আছে, কিন্তু জীবন থেমে গেছে।

 

আমাদের এই বাংলাদেশ- নদীমাতৃক, সবুজে ঘেরা, মানবিকতার শিক্ষা দেয় যে ভূখণ্ড- সেখানেই কীভাবে জন্ম নেয় এমন নিষ্ঠুরতা? কেন মানুষ মানবিকতা হারিয়ে হিংস্র হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন জরুরি।

 

কবিতা, উপন্যাস বা লেখনী দিয়ে হয়তো বিবেক জাগানো কঠিন। কিন্তু সত্য তুলে ধরা, প্রশ্ন করা এবং সচেতনতা সৃষ্টি করা- এগুলোই পরিবর্তনের সূচনা। এই চক্র ভাঙার দায়িত্ব রাষ্ট্রের, পাশাপাশি সমাজেরও।

 

সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বোধ ফিরিয়ে আনা। কারণ, একটি দেশের প্রকৃত শক্তি তার মানুষের নিরাপত্তা ও মানবিকতায়।

 

যেদিন কোনো স্ত্রীকে আর এভাবে তার প্রিয় মানুষকে নিথর অবস্থায় শেষবারের মতো জড়িয়ে ধরতে হবে না- সেদিনই সত্যিকারের অর্থে আমরা একটি মানবিক সমাজের পথে এগোতে পারব।

 

লেখক: সাংবাদিক ও সংগঠক

বাংলাদেশ সময়: ১০:৫৬:৪৯ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ