সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
গলাচিপা-দশমিনা আসনের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, অসুস্থ ও অসচ্ছল মানুষের সহায়তায় ‘গলাচিপা-দশমিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) শেষ বিকেলে দশমিনা উপজেলা পরিষদ এলাকায় উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব পরিকল্পনার কথা জানান তিনি।
নুরুল হক নূর বলেন, ‘প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে। গলাচিপা-দশমিনা যেহেতু একটি আসন, আমরা গলাচিপা-দশমিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে খুব শিগগিরই একটি ফাউন্ডেশন করব, ইনশাআল্লাহ। এর প্রধান কাজ হবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পিছিয়ে পড়া, অসুস্থ ও অসচ্ছল মানুষকে সহযোগিতা করা। এর মধ্য দিয়ে সমাজের বৈষম্য দূরীকরণে আমরা ভূমিকা রাখতে পারব।’
রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে জনগণের গণআন্দোলনের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আইনগতভাবে নিষিদ্ধ। তাদের কার্যক্রম পরিচালনা করা আইনের চোখে অপরাধ। গলাচিপা-দশমিনা কিংবা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে রাতের অন্ধকারে রাস্তার পাশে ককটেল বিস্ফোরণ কিংবা স্কুলের নিচে ‘জয় বাংলা’ লিখে যাওয়ার মতো কর্মকাণ্ডে জড়িতদের প্রশাসন ও রাজনৈতিক দল গণমত নির্বিশেষে শক্ত হাতে দমন করবে।
তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নড়াচড়া দিলে কিন্তু বামে-ডানে যেতে পারবেন না।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহামুদ হাসান মৃধা, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, ক্রীড়া সংস্থার সদস্যসচিব কেএম ইমরান শাহিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরপ্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নকে সম্পৃক্ত করে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।