বঙ্গোপসাগর কিছুটা উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » বঙ্গোপসাগর কিছুটা উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

সংগৃহীত প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাবে উপকূলজুড়ে ঘন মেঘ, দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে এবং নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও বেড়েছে বলে স্থানীয়ভাবে অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:০৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ