পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

হোম » পটুয়াখালী » পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


 

পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উড়িয়া বেগম (৪১) নামের এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনায় আহত উড়িয়া বেগম একই গ্রামের আনসার ফকিরের স্ত্রী। আনসার ফকির জানান, মঙ্গলবার দুপুরে নিজের ক্রয়কৃত জমিতে ডাল তুলতে গেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বশির মৃধাসহ কয়েকজন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন জানান, উড়িয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালীতে পাঠানো হতে পারে বলে জানান তিনি।

 

আহত উড়িয়া বেগম জানান, বশির মৃধার বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে বশির মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় উড়িয়া বেগম বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৩৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ