গৌরনদীতে জামিনে বেরিয়ে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

হোম » বরিশাল বিভাগ » গৌরনদীতে জামিনে বেরিয়ে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


গৌরনদীতে জামিনে বেরিয়ে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে মাদক মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়া এক মাদককারবারির বিরুদ্ধে সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার টরকী বন্দরের একটি দোকান থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ শরীফ নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে আরিফ শরীফ গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও ‘দি ফিনান্সিয়াল পোস্ট’-এর গৌরনদী প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল আজকের পেপার-এর সম্পাদক রাজীব ইসলাম তারিমের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক আমির হোসেন টরকী বন্দর ট্রাকস্ট্যান্ডসংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবাসহ আরিফ শরীফকে গ্রেফতার করেন। ওই ঘটনার ভিডিও সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে গত ১৮ মার্চ আরিফ শরীফসহ তিন-চারজন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে তা জানতে চান এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরও জানান, পরদিন ১৯ মার্চ মেসেঞ্জারেও অশ্লীল ভাষায় গালমন্দ করে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রাজীব ইসলাম তারিম গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৬ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ