কুয়াকাটায় ৫০ কোটি টাকার জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » পটুয়াখালী » কুয়াকাটায় ৫০ কোটি টাকার জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় ৫০ কোটি টাকার জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের সদস্য বোচান তাঁর পূর্বপুরুষদের ২১ একর ৬৬ শতক জমির মালিকানা বেহাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ওই জমি দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোচান জানান, সিএস, আরএস ও এসএ রেকর্ডে তাঁর পূর্বপুরুষদের নামে জমির মালিকানা রয়েছে। পটুয়াখালীর লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে জমিটির অবস্থান।

 

তিনি জানান, জমি রক্ষায় ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা (নং-৪১৭/২০২৪) দায়ের করা হয়েছে। এতে আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করা হয়েছে।

 

বোচান অভিযোগ করেন, বর্তমানে একটি পক্ষ তাঁর জমিতে বাউন্ডারি নির্মাণসহ ভূমির ধরন পরিবর্তনের কাজ চালাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা জোরদার হয়েছে বলেও তিনি দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জমি উদ্ধারে মহিপুর থানা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি এবং এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা বোচান তাঁর ওয়ারিশান হিসেবে জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৪ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ