
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
তীব্র গরমের মধ্যেই ভোলার চরফ্যাশনে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে দুই পরীক্ষার্থী, আর বিভিন্ন কেন্দ্রে ফ্যান সংকটে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে।
মঙ্গলবার পরীক্ষা চলাকালে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পর্যাপ্ত ফ্যান না থাকায় পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। ওই কেন্দ্রের একাধিক কক্ষে ফ্যান না থাকা বা নষ্ট থাকায় শিক্ষার্থীরা প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়। এ সময় গরম সহ্য করতে না পেরে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ও সামিয়া অসুস্থ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রের দক্ষিণ দিকের একটি কক্ষে কোনো ফ্যান ছিল না। এছাড়া বড় বড় কক্ষে মাত্র ১-২টি ফ্যান সচল থাকায় বাতাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা মেরামতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চরফ্যাশনের ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৩১৫ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৮৩ জন এবং অনুপস্থিত ছিল ২৩২ জন। কেন্দ্রভিত্তিক উপস্থিতির মধ্যে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৯২ জন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে ৪০৫ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫৯ জন, চরফ্যাশন কারামাতিয়া কামিল এম.এ মাদ্রাসায় ৫৫৫ জন এবং উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসা (ভোকেশনাল) কেন্দ্রে ১০৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।
সংশ্লিষ্টদের মতে, দাখিল পর্যায়ে অনুপস্থিতির হার তুলনামূলক বেশি হওয়ায় বিষয়টি উদ্বেগজনক।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ফ্যান সংকট প্রসঙ্গে সাগরকন্যাকে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অভিভাবক ও সচেতন মহল এমন অস্বস্তিকর পরিবেশে পরীক্ষার দায়ভার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।