
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুর-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুর-এর উপসহকারী পরিচালক যুগল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ড এড়াতে এবং ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সেই সচেতনতা তৈরির অংশ হিসেবেই এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে।’ তিনি ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালুর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ চলাকালে উপসহকারী পরিচালক যুগল বিশ্বাস অগ্নিকাণ্ডের কারণ, আগুনের ধরন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, অস্থায়ী ছাত্রহলের প্রভোস্ট ড. সোহাগ বর্মন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ মাহবুবুস সোবহান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সহকারী প্রক্টর শারমিন ইসলাম নিপা, সহকারী প্রভোস্ট নাজমা আক্তার ও পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার তামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।