পরিবারের সঙ্গে দেখা করতে এসে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

হোম » খুলনা » পরিবারের সঙ্গে দেখা করতে এসে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

পরিবারের সঙ্গে দেখা করতে এসে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসে সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ডাকাত আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন থেকে রামপাল উপজেলার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এলে কোস্ট গার্ডের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল রাত ১০টার দিকে মোংলা বেইসের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ ডাকাতমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ