আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় লিখিত দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুমন সরদারের মেয়ে এবং সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সামিয়া আক্তার দোলাকে স্কুলে যাওয়া- আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল কালুপাড়া গ্রামের মাসুম মোল্লার ছেলে আবিদ মোল্লা। এছাড়া দোলার ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন আপত্তিকর টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগও করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কালুপাড়া এলাকার দোলার ভাড়াটিয়া বাসার নিচ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় আবিদ মোল্লা।

 

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা সুমন সরদার বাদী হয়ে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক সমীর বিশ্বাস লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ছেলে ও মেয়ের সন্ধান পেয়েছি। উদ্ধারের জন্য চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১৬:২৬:২২ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ