ডিবি পুলিশের নির্যাতন পিরোজপুরে কেয়ারটেকারকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার দাবি

হোম » লিড নিউজ » ডিবি পুলিশের নির্যাতন পিরোজপুরে কেয়ারটেকারকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার দাবি
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে কেয়ারটেকারকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে মেসের কেয়ারটেকার মো. ইউনুস ফকির (৪০)-কে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। টাকা চুরির সন্দেহে তাকে মারধর, হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখা এবং বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে অন্য এক কর্মীর কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার হলেও নির্যাতনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর পুলিশ লাইন্স এলাকায় কর্মকর্তাদের মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউনুস ফকির জানান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কক্ষ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে তাকে জিজ্ঞাসাবাদের নামে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করা হয়। একপর্যায়ে আরও কয়েকজন ডিবি সদস্য যোগ দিয়ে তাকে মারধর এবং বৈদ্যুতিক শক দেয় বলে অভিযোগ করেন তিনি।

ইউনুসের দাবি, পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে টাকার জন্য চাপ দেওয়া হয়। পরিবারের সদস্যরা সময় চাইলেও তাকে পুনরায় মেসে এনে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তাকে রান্নাঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে মোম গলিয়ে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়া হলে তাকে পুলিশ সুপারের কাছে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে মেসের ঝাড়ুদার শাকিল চুরির কথা স্বীকার করলে টাকা উদ্ধার করা হয় এবং ইউনুসকে তার দেওয়া অর্থ ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রেও তাকে প্রকৃত ঘটনা গোপন রাখতে বাধ্য করা হয় এবং ভিন্নভাবে বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, ‘একজন খুনিকেও এভাবে নির্যাতন করা হয় না। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

অভিযোগের বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন এবং এ বিষয়ে মন্তব্য করতে অপারগ।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন এবং অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৭ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ