সারা দেশে হামের টিকাদান কর্মসূচি জোরদার, ৬ মাস-৫ বছর বয়সী সব শিশু আসছে আওতায়

হোম পেজ » সর্বশেষ » সারা দেশে হামের টিকাদান কর্মসূচি জোরদার, ৬ মাস-৫ বছর বয়সী সব শিশু আসছে আওতায়
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

গবেষক ও পরামর্শক দলের সুপারিশের ভিত্তিতে দেশে ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী সব শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

 

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গত চার বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের সংক্রমণ বেড়েছে, যা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

 

তিনি আরও জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে এবং দেশে টিকার কোনো ঘাটতি নেই।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৭ শিশু এবং শনাক্ত হয়েছে ১৬৮ জন।

 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ শিশু এবং নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। মোট আক্রান্ত ২ হাজার ৪০৯ জন এবং সন্দেহজনকভাবে ভর্তি হয়েছে ৮ হাজার ৯১০ শিশু, যাদের মধ্যে ৬ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। ১২ এপ্রিল কয়েকটি সিটিতে এবং ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম চালানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে, তবে অসুস্থ থাকলে টিকা না নেওয়ার নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:০০:০৯ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ