
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া এলাকায় পঙ্গুত্বে ভুগছেন মো. হোসেন (৩৪)। প্রায় ১৫ বছর ধরে চলাফেরায় অক্ষম এই ব্যক্তি এখন তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন; চিকিৎসার অভাবে তার অবস্থারও কোনো উন্নতি হচ্ছে না।
হোসেন চরকচ্ছপিয়া গ্রামের শাহে আলম সর্দারের ছেলে। তিনি স্ত্রী জেসমিন ও তিন সন্তান-হাফছা মনি (১০), হাফিজা (৫) এবং হাফিজুর রহমান (৩)-কে নিয়ে চরকচ্ছপিয়া কবির মোজাম্মেল হক আবাসনের ৮৪ নম্বর ঘরে বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও বাম পায়ের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি।
সরেজমিনে জানা গেছে, পরিবারটির নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় কোনোভাবে দিন চললেও চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।
হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি চলতে পারছি না। পায়ের ব্যথা আমাকে কোনো কাজ করতে দেয় না। প্রতিদিন যখন দেখি আমার তিন সন্তান না খেয়ে থাকে, তখন কষ্টে ভেঙে পড়ি। ভালো চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এবং পরিবারকে বাঁচাতে সবার সহযোগিতা চাই।’
স্থানীয় বাসিন্দা মো. হান্নান ও সেলিম বলেন, হোসেন দীর্ঘদিন ধরে কষ্টে আছেন। আমরা কিছু সহায়তা করেছি, কিন্তু তার চিকিৎসার জন্য বড় ধরনের সহযোগিতা প্রয়োজন। তারা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন জানান, মো. হোসেনের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের ০১৭৪৭৬১০২৭৮ নম্বরে বিকাশ (পার্সোনাল) বা সরাসরি যোগাযোগের অনুরোধ জানিয়েছেন হোসেন।
এএইচ/এমআর