বাগেরহাটে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

হোম পেজ » খুলনা » বাগেরহাটে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

বাগেরহাটে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় কৃষিজমি হুকুমদখল করে দীর্ঘ তিন বছরেও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে পশুর নদীর তীরবর্তী চিলা কলাতলা এলাকায় কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে অংশ নিয়ে জমির মালিকরা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষ ৩২৩ একর কৃষি ও মৎস্য জমি এবং বাস্তুভিটা হুকুমদখল করে নেয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। এতে শত শত পরিবার জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

 

জমির মালিক হুমায়ুন কবির বলেন, ‘ফসলি জমি হুকুমদখল করে বন্দর কর্তৃপক্ষ আমাদের পথে বসিয়েছে। তিন বছর ধরে শুধু আশ্বাস মিলছে, ক্ষতিপূরণ নয়। জুন মাসে প্রকল্প শেষ হলে আমরা আর কোনো ক্ষতিপূরণ পাব না—এমন আশঙ্কাও রয়েছে।’

 

আরেক জমির মালিক জালাল হাওলাদার বলেন, ‘এই জমিতে ধান ও মাছ চাষ করেই আমরা জীবিকা নির্বাহ করতাম। জমি ভরাট হয়ে যাওয়ায় এখন আমাদের কোনো আয়ের পথ নেই।’

 

ক্ষতিগ্রস্ত আলম গাজী বলেন, ‘পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলে ৩২৩ একর কৃষি জমি, চিংড়ি ঘের ও বসতভিটা ধ্বংস করা হয়েছে। ক্ষতিপূরণ ছাড়া আমাদের জমি বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যা চরম অন্যায়।’

 

বক্তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় আমরণ অনশন ও স্থানীয় ভূমি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমিতে আর বালু ফেলতে না দেওয়ার ঘোষণা দেন তারা।

 

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, জমির মালিক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:২১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ