আমতলীতে জমি নিয়ে বিরোধে মারধরে আহত বৃদ্ধার মৃত্যু

হোম পেজ » লিড নিউজ » আমতলীতে জমি নিয়ে বিরোধে মারধরে আহত বৃদ্ধার মৃত্যু
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে মারধরে গুরুতর আহত জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

জানা গেছে, উপজেলার আমতলী পৌরসভার বটতলা এলাকায় আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে প্রায় তিন ফুট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার সকালে ওই জমিতে কাজ শুরু করলে লিটন সিকদার বাধা দেন। এ সময় সেনা সদস্য শাহজাহানের নেতৃত্বে আব্দুর রব হাওলাদার ও তার লোকজন লিটন সিকদারকে মারধর করে। পরে তাকে রক্ষায় এগিয়ে আসা ভাই রিপন সিকদারকেও মারধর করা হয়। একপর্যায়ে দুই ছেলেকে রক্ষায় এগিয়ে গেলে তাদের মা জরিনা বেগমকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

 

স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় জরিনা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরে একই হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

 

এ ঘটনায় রবিবার আমতলী থানায় অভিযোগ করা হলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। তারা জানান, অভিযুক্ত সেনা সদস্য শাহজাহানের প্রভাবে বিষয়টি থেমে আছে। এদিকে মৃত্যুর খবর পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

 

নিহতের ছেলে রিপন সিকদার বলেন, ‘তিন ফুট জমি নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে জোরপূর্বক দখল করতে এসে আমার ভাইকে মারধর করা হয়। আমি বাধা দিলে আমাকেও মারধর করা হয়। পরে মা আমাদের রক্ষায় এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমার মায়ের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন সাগরকন্যাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গিয়েছিল।’

বাংলাদেশ সময়: ১৪:২১:০৭ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ