হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন কালকিনিতে চিকিৎসাসেবায় হয়রানি বন্ধে কঠোর নির্দেশ

হোম পেজ » ঢাকা » হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন কালকিনিতে চিকিৎসাসেবায় হয়রানি বন্ধে কঠোর নির্দেশ
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

কালকিনিতে হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

চিকিৎসাসেবার মান যাচাই ও রোগীদের ভোগান্তি কমাতে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

 

সোমবার (৩০ মার্চ) সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে সরাসরি খোঁজ নেন।

 

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ নিয়েও খোঁজখবর নেন সিভিল সার্জন। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। পাশাপাশি দালাল চক্রের আনাগোনা, অফিস সময়ে চিকিৎসকদের বাইরে চেম্বার করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

সিভিল সার্জন আরও জানান, ‘চিকিৎসাসেবা একটি মানবিক সেবা। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই।’ হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা ও সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চালানো হবে বলেও জানান তিনি।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আকস্মিক এ পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ