
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
যৌতুকের টাকার দাবিতে নির্যাতনের একপর্যায়ে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত আছিয়ার পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের বাসিন্দা মো. ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আব্দুর রব পহলান (৬০)।
র্যাব জানায়, বিয়ের পর থেকেই ফরহাদ পহলান যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে ভিকটিমের পরিবার স্বর্ণালংকারসহ ২ লাখ টাকা এবং তিনটি গরু দেয়। পরবর্তীতে বিদেশে পাঠানোর জন্য আরও ৩ লাখ টাকা দেওয়া হয়। তবে বিদেশে কাজ না করে দেশে ফিরে এসে ফরহাদ আবারও ২ লাখ টাকা দাবি করেন এবং আছিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।
গত ৬ মার্চ দিবাগত রাতে ফরহাদ তার শ্বশুরকে ফোন করে জানান, আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা আছিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান এবং তাকে ঘরের বারান্দায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় আছিয়ার পিতা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।