গৌরনদীতে গাছ থেকে তিন সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গাছ থেকে তিন সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

 

স্থানীয়রা জানান, সোমবার রাতে মাইনুল গাজীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, অভিমান করে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দেন বিলকিস।

 

তবে নিহতের চাচাতো ভাই রাব্বি হাসানসহ পরিবারের একাধিক সদস্য অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে বিলকিসের ওপর স্বামী মাইনুল গাজী নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ সোমবার রাতে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে জানতে মাইনুল গাজীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

অভিযোগ অস্বীকার করে নিহতের শ্বশুর আলতাফ গাজী জানান, রাতে সামান্য বিষয় নিয়ে ছেলে ও পুত্রবধূর মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে বিলকিস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ