গলাচিপায় আতশবাজির বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

হোম » পটুয়াখালী » গলাচিপায় আতশবাজির বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


গলাচিপায় আতশবাজির বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক কিশোরের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি হয়েছে। এতে ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে উঠে গেছে। বিস্ফোরণে তাঁর হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১২:০৭:০১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ