কুয়াকাটার বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

হোম » কুয়াকাটা » কুয়াকাটার বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


 

কুয়াকাটার বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

আত্মশুদ্ধি, অশুভ বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বৌদ্ধধর্মাবলম্বীরা উদযাপন করছেন দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা।

 

উৎসব উপলক্ষে কুয়াকাটার বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হয়েছেন শত শত রাখাইন নারী-পুরুষ। দিনভর প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তাঁরা। প্রবারণা পূর্ণিমা ঘিরে রাখাইন পল্লিগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

সন্ধ্যায় আকাশে ওড়ানো হয় রংবেরঙের ফানুস। আরাকানিক পঞ্জিকা বা চন্দ্র-সৌর পঞ্জিকা অনুযায়ী কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ এ উৎসব উদযাপন করছেন বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।

 

বৌদ্ধধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের রীতি অনুসরণ করে প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

বাংলাদেশ সময়: ১৮:৩২:২০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ