
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ব্যবসার জন্য ৩ লাখ টাকা যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। আদালত মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের মধু সরদারের ছেলে মো. শাহিন সরদার (৩৫), তাঁর ভগ্নিপতি মো. সহিদ (৫০) ও বোন মোসা. রুমা (৪০)।
মামলার অভিযোগে জানা যায়, প্রায় ১০ বছর আগে শাহিনের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে ব্যবসা করার কথা বলে শাহিন স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন ওই নারী।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়ি বরগুনার পাথরঘাটায় পাঠিয়ে দেন স্বামী। পরদিন ১১ অক্টোবর শাহিন, তাঁর ভগ্নিপতি সহিদ ও বোন রুমা সেখানে গিয়ে আবারও ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধূ টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিন উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে ডান হাত ভেঙে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতনের পাশাপাশি অন্য দুই আসামিও শাহিনকে সহযোগিতা করেন। নির্যাতনের পর তাঁর ছেলেকে রেখে আসামিরা চলে যান।
এ বিষয়ে অভিযুক্ত শাহিন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।