সুন্দরবনসংলগ্ন সোনাতলায় আবারও বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী
হোম »
লিড নিউজ »
সুন্দরবনসংলগ্ন সোনাতলায় আবারও বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের লোকালয়ে আবারও বাঘের উপস্থিতির চিহ্ন পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার বাঘ লোকালয়ে ঢোকার খবর ছড়িয়ে পড়েছে এলাকায়। বাঘের অবস্থান শনাক্ত করতে সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধানক্ষেতের ওপর ড্রোন উড়িয়ে অনুসন্ধান চালিয়েছে বন বিভাগ। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করতে দিনভর মাইকিং করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। এ ছাড়া জাব্বার ডাক্তারের বাড়ি ও লতিফ মেম্বারের বাড়ির সামনের ধানক্ষেত এবং সবজিখেতের আলেও বাঘের চলাচলের তাজা চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ও স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ বনরক্ষী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) এবং ভিটিআরটি (গ্রাম্য ব্যাঘ্র সাড়াদানকারী দল) সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাঘের উপস্থিতির খবরে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। রাতে স্থানীয়দের চলাচলও অনেকটা কমে গেছে। এর আগে গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের পানিরঘাট এলাকায় ভোলা নদী সাঁতরে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়েছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও বাঘের উপস্থিতির চিহ্ন পাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
সিপিজির সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন ও টিম লিডার মো. খলিল জোমাদ্দার জানান, সোমবার সকাল থেকে শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ কিলোমিটার এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সোমবার দিনভর পূর্ব সোনাতলা গ্রামের ধানক্ষেতের ওপর ড্রোন উড়িয়ে বাঘের অবস্থান খোঁজা হয়েছে। তবে বাঘটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বাঘটি সুন্দরবনে ফিরে যাওয়ারও কোনো সুস্পষ্ট আলামত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছে। বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশ দেওয়া হয়েছে।’
বন বিভাগের কর্মকর্তা শ্যামাপ্রসাদ জানান, বাঘটি যাতে হিংস্র না হয়ে স্বাভাবিকভাবে সুন্দরবনে ফিরে যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বাঘের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাঘের কোনো চিহ্ন বা আলামত দেখলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:১২:৫৫ ●
২৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)