
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
ভারতে আটক ৩৩ জন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) হয়ে উভয় দেশের ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ট্রাভেল পারমিট এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয় মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ভালো কাজের আশায় দালাল ও অনলাইন প্রতারকদের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে চেন্নাই এলাকায় ঘোরাফেরার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠায়। পরবর্তীতে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে বিশেষ প্রক্রিয়ায় তারা এক থেকে চার বছর সাজাভোগ শেষে শেল্টার হোমে ছিলেন এবং দেশে ফেরার অনুমতি পান।
এ সংবাদ লেখা পর্যন্ত ফেরত আসা ব্যক্তিরা বেনাপোল পোর্ট থানায় অবস্থান করছিলেন।