
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ ইউসুফ মুসুল্লী জামিনে বের হয়ে মামলার বাদী নাজমা আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বাদী ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছে না। বুধবার রাতে নাজমা আক্তার আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, ২০২১ সালে জাকির হোসেন গাজী চালিতাবুনিয়া গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করেন। এরপর থেকে ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী ও তাদের লোকজন জাকির ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানী করে আসছিল। গত ২৫ ফেব্রুয়ারি জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধানে যাওয়ায় ইউসুফ ও তার লোকজন জাকির, তার ছেলে রাকিবুল ইসলাম ও স্ত্রী নাজমাকে পিটিয়ে গুরুতর জখম করে।
২৬ ফেব্রুয়ারি জাকিরের স্ত্রী নাজমা বেগম পাঁচজনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ২৩ দিন পর বুধবার পুলিশ ইউসুফ মুসুল্লীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক জামিন মঞ্জুর করেন। অভিযোগ, জামিনে বের হওয়ার পরই ইউসুফ ও তার লোকজন জাকির গাজীর বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে।
জাকির হোসেন গাজী বলেন, জামিন পাওয়ার পরই তারা বাড়িতে এসে আমাদের হত্যা হুমকি দেয়। পুলিশ প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
হত্যা চেষ্টা মামলার আসামী ইউসুফ মুসুল্লী দাবি করেছেন, তিনি কাউকে হুমকি দেননি এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, মামলার বাদী থানায় সাধারণ ডায়েরী করেছেন; তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।