একই পরিবারের ১১ জন বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত বেড়ে ১৪

হোম পেজ » লিড নিউজ » একই পরিবারের ১১ জন বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত বেড়ে ১৪
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

একই পরিবারের ১১ জন: বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত বেড়ে ১৪

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বর-নববধূসহ একই পরিবারের ১১ জন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত একজন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি ও অন্যান্য স্বজন। এছাড়া মাইক্রোবাসটির চালকও নিহত হয়েছেন। পরিবারের একমাত্র সদস্য হিসেবে রাজ্জাকের স্ত্রী আঞ্জুমান আরা বাড়িতে থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

 

মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম জানান, আব্দুর রাজ্জাক খুলনার কয়রা এলাকায় ছোট ছেলে সাব্বিরের বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিসহ স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় রাজ্জাক, নবদম্পতি সাব্বির ও মুন্নীসহ একই পরিবারের ১১ জন নিহত হন।

 

কাটাখালী হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোশাররফ জানান, হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর হাসপাতালে স্বজনদের ভিড় দেখা যায়।

 

নিহতদের মধ্যে চারজন শিশু, একজন কিশোর, চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। বর্তমানে হাসপাতালে একজন আহত চিকিৎসাধীন।

 

এদিকে মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই পরিবারের এতজনের মৃত্যুতে মোংলায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ