
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত এ সভায় সরকারি দপ্তর, সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রকৃত মৎস্যজীবীদের সমন্বয়ে জলমহাল ইজারা প্রদান করা হবে এবং প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে নিষেধাজ্ঞা (ব্যান) সময়ে দরিদ্র জেলে পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা, সমবায় সমিতি গঠন, পরিবেশবান্ধব জাল বিতরণ, ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম ও ওয়েস্টবিন বিতরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন প্রয়োগে সহযোগিতা করার জন্য সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, তালতলী প্রেসক্লাবের সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি ও নেটওয়ার্ক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএসের ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিসনেট প্রকল্পের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস এমেন রাখাইনসহ মৎস্যজীবী নেতৃবৃন্দ।
ফিসনেট প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দিচ্ছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড সংস্থা হিসেবে কাজ করছে উত্তরণ।